২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

২০১৩ সালের ৩ মার্চ জামায়াতের ডাকা হরতালে জয়পুরহাটে থানায় হামলার ঘটনায় তাদের নামে মামলা ছিল বলে জানান পিপি।

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে
জয়পুরহাটে আদালতের নির্দেশের পর নেতাকর্মীদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 01:19 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

জয়পুরহাটে সরকারি কাজে বাধা, নাশকতা ও হত্যার মামলায় জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মামুন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

তাৎক্ষণিকভাবে কারাগারে যাওয়াদের নাম-পরিচয় জানা যায়নি। 

মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০১৩ সালের ৩ মার্চ জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল চলাকালে দলটির নেতাকর্মীরা পাঁচবিবি থানা ঘেরাও করে। সেখানে তারা ১৪৪ ধারা ভেঙ্গে থানায় অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতা করেন। এতে ছয়জন মারা যান।

পরে তৎকালীন থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় সাত থেকে আট হাজার জনকে আসামি করে মামলা করেন বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২৩ সালের ৩ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা ২১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের মধ্যে ৬১ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নাকোচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান নৃপেন্দ্রনাথ মণ্ডল।

পরে পুলিশ পাহারায় এসব নেতাকর্মীদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।