ঈদের ছুটিতে রংপুরে বিদ্যালয় দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
জমি মালিকদের অংশীদারিত্বের বিরোধ থেকে একটি পক্ষ শ্রেণিকক্ষ দখলে নিয়েছে বলে দাবি অধ্যক্ষের।
ঈদের ছুটিতে রংপুর একটি বিদ্যালয় দখলের অভিযোগ উঠেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। এ ছাড়া শ্রেণিকক্ষের ফ্যান খুলে নেওয়ার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয়ের দেয়াল।
এ ঘটনার প্রতিবাদে বুধবার নগরের শান্তিধারা সাতগাড়া এলাকায় শিশু ভুবন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সমানের মানববন্ধন করেছে। এতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও।
জমি মালিকদের সঙ্গে অংশীদারিত্বের বিরোধ থেকে একটি মহল শ্রেণিকক্ষগুলো বন্ধ করে দিয়েছে বলে দাবি শিশু ভুবন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়ার।
মানববন্ধনে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের চোখে-মুখে দেখা গেছে হতাশার ছাপ। আদৌ শ্রেণিকক্ষে ফিরতে পাববে কি-না তা নিয়ে সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুবাহ বিনতে শহীদ বলে, “স্কুলে ফ্যান, লাইট নেই। ওয়াশরুমে যেতে পারছি না। শ্রেণিকক্ষ বন্ধ রয়েছে। এতে পড়াশুনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।”
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার সিমা বলে, “ঈদের ছুটি শেষে স্কুলে এসে দেখি ক্লাস বন্ধ। পানির লাইন বন্ধ, কারেন্ট নেই, তাই ফ্যান চলছে না।
“আবার কোনো কোনো ক্লাসরুম ভেঙে ফেলেছে। আমাদের স্কুল দখল করার জন্য ওরা অনেক চেষ্টা করছে। আমরা আমাদের স্কুল ফেরত চাই।”
মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক হোসনে আরা বলেন, “আমার দুই বাচ্চা এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হয়েছে। তারা এখন ভালো জায়গায় পড়াশোনা করছে।
“এভাবে দখলবাজি কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমাদের বাচ্চাদের নিয়ে যে স্বপ্ন আছে, সে স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে।”
শিশু ভুবন স্কুলের সহকারী শিক্ষিকা জেসিমা আক্তার মুক্তি মনি বলেন, “পরীক্ষার জন্য তৈরি হয়েছে সিলেবাস। বছরের মাঝপথে এসে এই ঘটনায় আমরা আসলে কোথায় যাব? বাচ্চারা কোথায় যাবে? আমরা এর বিচার দাবি করছি।”
আরেক সহকারী শিক্ষক মুশফিকুল আরমাইন বলেন, “বিদ্যালয়ের জমি মালিকদের সঙ্গে অংশীদারত্বের একটা বিরোধ চলে আসছে। সে কারণে একটি মহল আমাদের শ্রেণিকক্ষ বন্ধ করে দিয়েছে। ঈদের ছুটির পরে স্কুল খুলে দেখি পাঁচটি কক্ষ তালাবদ্ধ। এখন বাচ্চাদের নিয়ে বিপদে পড়েছি।”
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এই শিক্ষক।
জমিসহ ভবনের মালিক নগরের সাতগাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, “স্থানীয় ওশন আলীর কাছ থেকে দলিল মূলে ১৬ শতাংশ জমিটি প্রথমে ক্রয় করেন কমল কুমার। পরে কমল কুমারের কাছ থেকে তিন ধাপে ২০০৯ সালে ৬ শতাংশ, ২০১২ সালে ৬ শতাংশ এবং ২০১৯ সালে ৪ শতাংশ জমি আমি ও আমার স্ত্রীর নামে ক্রয় করি।
“এর মধ্যে সেখানে ২০১৮ সালে পাকা ঘর নির্মাণ করে স্কুলের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু ২০২৫ সালের এপ্রিলে ওই জমির অংশীদার মূলে মালিকানা দাবি করেন স্থানীয় বাসিন্দা সোলায়মান হোসেন সোহেল। এ নিয়ে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আমাদের মেট্রোপলিটন কোতোয়ালি থানার ডাকা হয়। পরে জমিতে ১৪৪ ধারা জারি করা হয়।”
“এর মধ্যে ঈদের ছুটিতে সোহেল তার লোকজন দিয়ে স্কুল ঘর দখলে নেন। এমনকি সেখানে তারা রাত্রিযাপন করতেছেন। আজকে মানববন্ধনে করতে গেলে তারা লোকজন বাধা দেয়”, বলেন সাবেক এই ব্যাংক কর্মকর্তা।
এ বিষয়ে জানতে জমির মালিক দাবি করা নগরের সাতগাড়া এলাকার বাসিন্দা সোলায়মান হোসেন সোহেলকে একাধিকবার মোবাইল করা হলেও তিনি ফোন ধরেননি।
চলতি বছর সোহেল ও তার ভাইদের কাছে থেকে ওই জমির পৌনে নয় শতাংশ কিনতে বায়না করেন স্থানীয় রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, “ওই জমির দখল বুঝিয়ে দিতে সোহেল আমাদের ডেকেছিলেন। আমরা বায়না করেছি, তাই জমির দখল বুঝে নিতে গিয়েছিলাম।”
অধ্যক্ষ আব্দুল মান্নান মিয়া বলেন, “২০০৫ সালে শিশু ভুবন স্কুলের যাত্রা শুরু করি। প্রথমে ভাড়া ভবনে কার্যক্রম চালালেও পরে নগরের সাতগাড়া এলাকার বাসিন্দা রায়হান উদ্দিনের জমিতে নির্মাণ করা ভবনে পাঠদান শুরু করা হয়।
“ঈদুল আজহার আগে জমি মালিকদের সঙ্গে বসেছিলাম। তারা বলেছিলেন, প্রতিষ্ঠানের কোনও ক্ষতি করবেন না। কিন্তু ঈদের ছুটি শেষে স্কুলে গিয়ে দেখি প্রবেশ পথ বন্ধ করা হয়েছে। আজকে ক্লাস করানো সম্ভব হয়নি।”
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভবনে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে চাওয়ার আবেদন জানিয়ে অধ্যক্ষ বলেন, “ডিসেম্বরের শেষে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়া যেতে পারে। সে পর্যন্ত আমাদের সময় দেওয়া উচিত। কোমলমতি শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান প্রধান বলেন, ওই জমি নিয়ে দুই পক্ষের অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়েছে। এক পর্যায়ে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করে।
“স্কুল ছুটির মধ্যে একপক্ষ শ্রেণিকক্ষ দখলে নিয়েছে। মানববন্ধনের খবর পেয়েছি। ভুক্তভোগীকে ফৌজদারি মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”
