Published : 10 Aug 2025, 08:57 PM
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলায় জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।
রোববার এসব কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হত না।
সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা তুহিন হত্যার বিচারকাজ দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদ দেয় তাদেরও গ্রেপ্তার করতে হবে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন তুহিনের বড় ভাই মো. সেলিম। অপর একটি মামলার বাদী, তুহিন হত্যার আগে সংগঠিত আরেকটি হামলার ঘটনায় আহত বাদশা মিয়ার ভাই। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহের ময়নাতদন্ত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
জুমার নামাজের পর গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার যেখানে তাকে হত্যা করা হয়, সেখানেই ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে ময়মনসিংহে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
রোববার সকালে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি আল ইমরান শোভন, সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি এ কে আজাদ, সিনিয়র সহসভাপতি এস এম সোহেল, সহসভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া সম্পাদক গাজী মো. ইমাম হাসান, কার্যকরী সদস্য অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, সদস্য জামাল আখন্দ, আশিক বিন রহিম ও মোসাদ্দেক আল আকিব।
ফেনী
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফেনীর সাংবাদিকরা।
রোববার বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, আরিফুল আমিন রিজভী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক আজাদ মালদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহ জালাল ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানিকগঞ্জ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি জ ই আকাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, এখন টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি আসাদ জামান বক্তব্য দেন।
উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের সঞ্চালনায় বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
নেত্রকোণা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোণার মদন উপজেলায় মানববন্ধন হয়েছে।
রোববার দুপুরে পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকায় মদন প্রেস ক্লাবের উদ্যোগে সামনের সড়কে কর্মসূচি পালিত হয়।
এতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোতাহার আলম চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, এনসিপি নেতা মাহী আকন্দ ফয়সাল।
বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ থাকবে না। এতে করে দেশ-সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।
এদিকে সকাল সোয়া ১১টার দিকে নেত্রকোণা জেলা শহরেও একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় সাংবাদিক সমাজের ব্যানারে।
জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকরা অংশ নেন।
পঞ্চগড়
তুহিন হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
রোববার দুপুরে শহরের শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পরও হত্যাকারীদের যে অঙ্গভঙ্গি বা আচরণ দেখা গেছে, তাতে তারা বুঝিয়ে দিয়েছে যে সাংবাদিক হত্যার বিচার হয় না। তুহিন হত্যার ভিডিওসহ সব প্রমাণ পাওয়া গেছে। ফলে দ্রুত এই বিচার শেষ করতে হবে।
মানববন্ধনে এখন টিভির সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, সারাবাংলা পত্রিকার শাহজালাল, বাংলাভিশনের মোশারফ হোসেন, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনশান সাগরেদ, নাগরিক টিভির সাঈদুজ্জামান রেজা, বাসসের আবু নাঈম।
শরীয়তপুর
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে একই দাবিতে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক হুংকার সম্পাদক হাবিবুর রহমান হাবীব, দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, দৈনিক সংগ্রামের প্রতিনিধি
কে এম মকবুল হোসেন, যুগান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম রায়হান কবীর, চ্যানেল আইয়ের এস এম মজিবুর রহমান, নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বানী,
চ্যানেল ২৪ এর নুরুল আমিন রবিন, এনটিভির আব্দুল আজিজ শিশির, এখন টিভির কাজী মনিরুজ্জামান, সময় টিভির বি এম ইস্রাফিল, দিনকাল প্রতিনিধি ও বিটিএসএফের মহাসচিব মো. আল-আমিন শাওন, নিউ এইজের এম বি কাজী নাসির, চ্যানেল এস এর খোরশেদ আলম বাবুল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সগীর হোসেন, ডিবিসির রাজিব হোসেন রাজন, বাংলা টিভির নয়ন দাস, কালের কণ্ঠের শরীফুল আলম ইমন, যমুনা টিভির এস এম শাকিল, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ, নিউজ ২৪ এর বিধান মজুমদার, ডেইলি স্টারের জাহিদ হাসান রনি, ঢাকা মেইলের আল-আমিন, ইনকিলাবের মেহেদী হাসান, সাংবাদিক শিহান, মোস্তফা।
আরও পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যা: কে এই গোলাপী, কী কারণে গ্রেপ্তার
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ
সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে: জিএমপি কমিশনার
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৭
শুক্রবারই বাড়ি ফিরলেন সাংবাদিক তুহিন, তবে নিথর দেহে
'কী অপরাধ আমার ছেলের', প্রশ্ন সাংবাদিক তুহিনের বাবার
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরে
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যা: খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে প্রতিবাদ-বিক্ষোভ
আরেকজনকে কোপানোর 'ভিডিও ধারণ করায়' খুন হন সাংবাদিক: পুলিশ