১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক তুহিন হত্যা: খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে প্রতিবাদ-বিক্ষোভ

সাংবাদিকরা তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

বিডিনিউজ২৪

খাগড়াছড়ি প্রতিনিধি,  কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

খাগড়াছড়িতে শুক্রবার সকালে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ বের করেন জেলার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। 

মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

সমাবেশে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আচার্য।

বক্তারা অবিলম্বে তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানান। 

এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন করেন সাংবাদিকরা। 

জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকরা তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। 

আসাদুজ্জামান তুহিন (৩২) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন।

বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অস্ত্রধারীরা।

প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

আরেকজনকে কোপানোর 'ভিডিও ধারণ করায়' খুন হন সাংবাদিক: পুলিশ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা