Published : 08 Aug 2025, 09:42 PM
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শুক্রবার সকালে গাজীপুর প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা থেকে এই দাবি করা হয়।
সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে চান্দনা চৌরাস্তা এলাকায় অসংখ্য মানুষের মাঝে এ ধরনের হত্যাকাণ্ড আতঙ্কের ও নিন্দনীয়। এতে বোঝা যায়, গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।
এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তোলেন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাংবাদিক ফজলুল হক মোড়ল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ফারদিন ফেরদৌস, এটিএন বাংলার মাজহারুল ইসলাম মাসুম, ডিবিসির মাহমুদা শিকদার, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীম, যুগান্তরের শাহ শামসুল হক রিপন, নয়া দিগন্তের আজিজুল হক, রাইজিংবিডি ও প্রতিদিনের বাংলাদেশের রেজাউল করিম।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে কয়েকজন অস্ত্রধারী।
আলোচিত এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল ইসলাম বলেন, “সিসিটিভির ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে দেখা যায়, সন্ধ্যা ৭টার দিকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি চান্দনা চৌরাস্তা মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ান।
“এ সময় বাদশা মিয়া ওই নারীকে আঘাত করেন। তখন একদল দুর্বৃত্ত নারীর পক্ষ নিয়ে ধারালো চাপাতি হাতে বাদশা মিয়াকে আঘাত করলে তিনি দৌড়ে পালিয়ে যান। আর এ ঘটনাটি রাস্তার পাশ থেকে মোবাইলে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন।”
উপ-কমিশনার বলেন, “তখন সন্ত্রাসীরা তুহিনকে দেখে ফেলে ভিডিও মুছে ফেলতে বলে। তবে তুহিন ভিডিও মুছতে অস্বীকার করলে তাকে ধাওয়া দেয় সন্ত্রাসীরা। এসময় তুহিন দৌড়ে পালাতে থাকে। সন্ত্রাসীরাও তার পিছু নিয়ে ধাওয়া করে।
“এক পর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।”
আরও পড়ুন:
শুক্রবারই বাড়ি ফিরলেন সাংবাদিক তুহিন, তবে নিথর দেহে
'কী অপরাধ আমার ছেলের', প্রশ্ন সাংবাদিক তুহিনের বাবার
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
সাংবাদিক তুহিন হত্যা: খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে প্রতিবাদ-বিক্ষোভ
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন