Published : 06 Jun 2026, 02:41 AM
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর প্রাণ গেছে।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, শুক্রবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার ও সাব্বির দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন।
নিহতের বাবা গিয়াস উদ্দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিলেন আনোয়ার। এ নিয়ে সাব্বিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এর জের ধরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয় বলে তার বাবার ভাষ্য।
স্থানীয়রা গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জয়ামান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মেশকাত জানান, হাসপাতালে নেওয়ার আগেই আনোয়ারের মৃত্যু হয়েছিল।
আনোয়ারকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে অভিযোগ করে তার বাবা গিয়াস উদ্দিন বলেন, “সে একসময় সৌদি আরবে ছিল। দেশে এসে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”