ব্রাহ্মণবাড়িয়ায় ‘উপবন এক্সপ্রেসের’ টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার
এসপির নির্দেশে ট্রেনটি থামিয়ে অভিযান চালায় রেলওয়ে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ট্রেনে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয় বলে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ওসি এসএম শফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, “ভোরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ হঠাৎ বার্তা পাঠান উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধারে অভিযান চালাতে। তার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনের কোনো যাত্রা বিরতি না থাকলেও থামানো হয়।
“পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা তল্লাশি চালিয়ে ‘চ’ বগির টয়লেটে মালিক বিহীন অবস্থায় দশ কেজি গাঁজা উদ্ধার করে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
