১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে কচুরিপানা পরিষ্কার করতে নেমে ডুবে কৃষকের মৃত্যু

আব্দুর রশিদ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:42 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নীচু জমিতে জমে থাকা পানি থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান। 

নিহত ৬০ বছর বয়সি আব্দুর রশিদ উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

নিহতের স্ত্রী জমেলা বেগম বলেন, “আমার স্বামীর মৃগী রোগ থাকার কারণে পানিতে যাইতে দেই না। সকালে আমাদের না জানিয়ে ক্ষেতে পানা পরিষ্কার করতে যেয়ে পানিতে ডুবে মারা যান।”

ইউপি চেয়ারম্যান রেজাউল বলেন, আব্দুর রশিদ পেশায় একজন কৃষক। তিনি আগে থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চলমান বর্ষায় তার ক্ষেতের আমন ধান পানিতে তলিয়ে যায়। 

“সকালে পরিবারের লোকজনের অজান্তে কালিয়া গ্রামে তার নিজস্ব খেতে কচুরিপানা পরিষ্কার করতে যান। পানা পরিস্কার করার সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে যান।”

পরে পরিবারের লোকজন তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই ইউপি চেয়ারম্যান।