২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস চাপায় মামার মৃত্যু, ভাগ্নে-ভাগ্নি আহত

মোটরসাইকেল নিয়ে ভাগ্নে-ভাগ্নিকে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন ইসমাইল।

সিরাজগঞ্জে বাস চাপায় মামার মৃত্যু, ভাগ্নে-ভাগ্নি আহত
ফাইল ছবি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 02:47 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

সিরাজগঞ্জ সদরে মোটরসাইকেলে ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ভাগ্নে-ভাগ্নি। 

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান। 

নিহত ইসমাইল হোসেন (২০) সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের বাসিন্দা। আহত হয়েছে ইসমাইলের বোনের মেয়ে সুরাইয়া (১৬) ও  ছেলে আব্দুল হাকিম (১৪)। তারা সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে ভাগ্নে-ভাগ্নিকে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন ইসমাইল। পথে সয়দাবাদ মোড়ে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

“এতে বাসচাপায় ঘটনাস্থলেই ইসমাইল মারা যান। গুরুতর আহত হন সুরাইয়া ও আব্দুল হাকিম। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

এদিকে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।