নির্বাচন নিয়ে আমাদের তাড়াহুড়ো নেই: নুর
নেতাকর্মীদের উদ্দেশে গণঅধিকারের সাধারণ সম্পাদক বলেন, “টাকার কাছে বিক্রি হবেন না; যোগ্য মানুষকে ভোট দিলে প্রতারিত হবেন না।”
নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আগে রাষ্ট্রের সংষ্কার কাজ শেষ হোক।”
শনিবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
গত আড়াই মাসেও অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, “দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন।”
সরকারের ‘দুর্বলতা কাটাতে না পারলে পতিত স্বৈরাচার আবার ফিরে আসবে’ বলে সতর্ক করেন তিনি।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ভিপি নূর বলেন, “আমরা জনগণের মনের মত রাষ্ট্র বানাতে চাই। নির্বাচন নিয়ে আমাদের তাড়া নেই।”
সরকারি চাকরিজীবীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণকে ভুলে যাবেন না। সাধারণ মানুষ যেন আপনাদের সঙ্গে দেখা ও কথা বলতে পারে সে ব্যবস্থা রাখুন।”
নতুন করে দখলবাজ, চাঁদাবাজ তৈরি হচ্ছে দাবি করে গণঅধিকারের সভাপতি বলেন, “তাদের রুখে দিতে হবে।”
সমাবেশে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে।”
সমাবেশে আসা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “টাকার কাছে বিক্রি হবেন না। যোগ্য মানুষকে ভোট দেবেন; প্রতারিত হবেন না।”
