ময়মনসিংহে ঘরে টিনের বেড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও বৃদ্ধের মৃত্যু
তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও একজন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুরোনো ঘর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ও বৃদ্ধের প্রাণ গেছে; তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান।
নিহতরা হলেন- ওই গ্রামের শামসুল হকের ছেলে মো. সাকিব (১৩) এবং একই উপজেলার রসুলপুর ইউনিয়নের মামদাইন গ্রামের জইনুদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৬০)।
আহত শামসুল হক গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইল গ্রামের শামসুল হকের পুরোনো একটি টিন শেড ঘর মেরামত করা হচ্ছিল। একটি টিনের বেড়া অন্য জায়গায় তৈরি করে ঘরে লাগানোর চেষ্টা করছিলেন কয়েকজন। তবে ঘরে বিদ্যুৎ সংযোগের একটি লিকেজ ছিল।
টিনের নতুন বেড়া ওই লিকেজে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন আহত হন। বিষয়টি দেখে শামসুল তাদের বাঁচাতে গেলে তিনিও আহত হয়। বাড়ির অন্যরা টের পেয়ে তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাকিব ও জব্বারকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও জব্বার মারা গেছেন।
ওসি আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
