২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়েছে।

গোপালগঞ্জে প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার

প্রাইভেটকার চালক মো. রুবেল খান

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 10:04 PM

Updated : 17 Oct 2022, 10:04 PM

বরিশালের এক প্রাইভেটকার চালকের লাশ গোপালগঞ্জের মোকসেদপুর থেকে উদ্ধার হয়েছে।

সোমবার সকালে মোকসেদপুর উপজেলার উজানী সড়কের বাঙ্গির মোড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

নিহত মো. রুবেল খান (৩২) বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকার হালিম খানের ছেলে। তিনি প্রাইভেটকার ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করতেন।

মোকসেদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। মনে হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

ওসি বলেন, “তবে তার প্রাইভেটকারটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়েছে।”

রুবেল খান যে প্রাইভেটকারটি চালাতেন সেটির মালিক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুবেল ভাড়ায় যাত্রী নিয়ে কুয়াকাটায় যান। সেখান থেকে গোপালগঞ্জের কাশিয়ানী যাওয়ার জন্য চার যাত্রীকে রুবেলের গাড়িটি ভাড়া করে দেন কুয়াকাটার মাইক্রোবাস ও কার ভাড়া দেওয়ার ব্যবসায়ী মো. শাহীন। রাত ৯টার দিকে রুবেল ওই যাত্রীদের নিয়ে কুয়াকাটা থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশে রওনা হন।

“রাত দেড়টার দিকে রুবেলের সঙ্গে ফোনে সর্বশেষ কথা হয়। তখন রুবেল জানায়, সে টেকেরহাট এলাকা অতিক্রম করেছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।”

আবুল কালাম আজাদ আরও জানান, সকালে রুবেলের ভাই রাজিব তার বাবাকে নিয়ে টেকেরহাট যান। সেখানে গিয়ে একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। কিন্তু ফুটেজে গাড়ি যাওয়ার কোনো দৃশ্য পাননি তারা। পরে স্থানীয়দের পরামর্শে মকসেদপুর থানায় গিয়ে পুলিশের উদ্ধার করা লাশটি শনাক্ত করেন।

মোকসেদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, রুবেলকে হত্যার ঘটনায় তার ভাই রাজিব বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।