স্কুলছাত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’, শাস্তির দাবি এমপির
রাত ১টার দিকে আট-দশ জনের একটি দল বাড়ি ঘিরে ফেলে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘দলবেঁধে ধর্ষণের শিকার’ স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল শনিবার বিকালে স্কুলছাত্রীর বাড়ি যান। এ সময় তিনি পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন।
তিনি বলেন, “যারা ক্ষতিগ্রস্ত, তারা অপরাধীদের চেনেন এবং তাদের নামও জানেন। ঘটনাটি অনেক মানুষের সামনেই সংঘটিত হয়েছে। এ অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হেলাল মৃধা (২০) ছাড়া বাকি দুজন কিশোর।
পুলিশ জানায়, ওই ছাত্রীর দাদী হাসপাতালে চিকিৎসাধীন। তার অপারেশন হবে। এ কারণে বৃহস্পতিবার রাতে ছাত্রীর মা ও চাচা হাসপাতালে ছিলেন। বাড়িতে ওই ছাত্রী এবং তার ছোট ভাই-বোন ছিল।
রাত ১টার দিকে আট-দশ জনের একটি দল বাড়ি ঘিরে ফেলে। তখন কিশোরী দরজা না খোলায় ঘরের জানালা ভেঙে তাকে জোর করে ঘর থেকে তুলে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়। পাশের একটি গ্রামে নিয়ে তাকে দলবেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
রাত প্রায় ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে মোটরসাইকেলে এনে বাড়ির উঠানে ফেলে রেখে যায় দুজন। তারা পালিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
স্কুলছাত্রী কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্কুলছাত্রীর মা বলেন, “ওই রাতে শাশুড়ির অপারেশনের জন্য হাসপাতালে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে মেয়ের এই অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছি। আমার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চাই।”
কিশোরীর চাচা বলেন, “রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘিরে ফেলে। প্রতিবেশীরা বাধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর কিশোরীকে মারধর করে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।”
স্থানীয় এক বাসিন্দা বলেন, “যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে এলাকায় জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। বহুবার সতর্ক করা হলেও তারা নিবৃত্ত হয়নি।”
আরেক প্রতিবেশী বলেন, এরা সবাই ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছে।
সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপর আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
