নরসিংদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যায় দুজন গ্রেপ্তার
গ্রেপ্তার রাকিব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই কর্মকর্তা বলেন।
নরসিংদী সদর উপজেলায় কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন জানান, ২১ অগাস্ট কুমিল্লার শাসনগাছা এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) এবং তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব মিয়া (২৫)।
এরই মধ্যে গ্রেপ্তার রাকিব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই কর্মকর্তা বলেন।
রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিঅ্যান্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। তিনি কর্মস্থলের কাছেই ভাড়া থাকতেন। আসামি কাউছার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী।
১৮ অগাস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির ছিটা পড়ে। এসময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে মধ্যে তর্ক-বিতর্ক হয়।
২০ অগাস্ট সকাল সাড়ে ১০টায় মোজাম্মেল মিয়া ভাড়া বাড়ি থেকে বের হন। তখন তাকে কাউছার হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যান। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় মোজাম্মেলের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন।
