২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, হত্যার অভিযোগে শিক্ষক আটক

শিশুটি ‘আত্মহত্যা’ করেছে বলে শিক্ষকরা বললেও পরিবারের দাবি তাকে মারধর করে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, হত্যার অভিযোগে শিক্ষক আটক
লক্ষ্মীপুর শহরের আল-মুঈন ইসলামী একাডেমি মাদ্রাসায় মৃত ছাত্রের স্বজনদের আহাজারি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 08:50 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

লক্ষ্মীপুর সদর উপজেলার এক মাদ্রাসা থেকে সাত বছরের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় মাদ্রাসা থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।

এর আগে দুপুরে শিশুটি টয়লেটে ঢুকে ‘আত্মহত্যা’ করেছে বলে এলাকায় প্রচার করেন শিক্ষকরা। তবে পরিবারের দাবি এক শিক্ষকের মারধরে শিশুটি মারা গেছে। ছেলে হারানোর শোকে মাদ্রাসার মেঝেতে বারাবার কান্নায় মূর্ছা যেতে দেখা গেছে শিশুটির বাবা-মাকে।

মৃত সানিম হোসাইন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। সে জেলা শহরের আল-মুঈন ইসলামী একাডেমির হেফজ বিভাগের ছাত্র ছিল।

আটক মাহমুদুর রহমান ওই মাদ্রাসার শিক্ষক।

মাদ্রাসা কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে গামছা নিয়ে সানিমকে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাহির হওয়া কোনো দৃশ্য দেখা যায়নি। এমনকি মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ তা দেখাতে পারেননি। সানিমের মৃতদেহ তৃতীয় তলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছে বলে দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের। তবে নামানোর ভিডিও দেখাতে পারেননি তারা।

ছেলের মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসায় যান স্বজনরা। সেখানে শোকে প্রায় অচেতন হয়ে পড়া সানিমের বাবা হুমায়ুন ও মা জহুরা বেগমের বক্তব্য নেওয়া যায়নি। তবে অন্য স্বজনরা বলছেন, সানিমকে হত্যা করা হয়েছে।

সানিমের ফুফাতো ভাই বকশি মোহাম্মদ শাহিদ হোসাইন বলেন, “সানিম কোরআন শরীফের ২০ পারা মুখস্থ করেছে। ৩ থেকে ৪ দিন আগে মাদ্রাসা থেকে আমাদের কাছে খবর আসে, সানিম নাকি হুজুরের কথা শোনে না, এমনকি হুজুরের নামে বদনাম করে। এ নিয়ে হুজুর তার ওপর রেগে ছিলেন।

“মঙ্গলবার দুপুরে খবর পাই সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় ফাঁস দিয়েছে। মাদ্রাসা এসে সেই হুজুরে কথা জিজ্ঞেস করতে সবাই বলছে, তাকে আটকে রাখা হয়েছে। তবে সানিমের লাশ আমরা টয়লেটে পাইনি। তার লাশ মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছি। তাকে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই।”

সানিমের কয়েকজন সহপাঠী বলে, সকালে সানিমকে শিক্ষক মাহমুদুর রহমান মারধর করেছে। তবে তার মৃত্যুর কারণ বলতে পারেনি তারা। ঘটনার সময় কি হয়েছে তাও জানেন না কেউ।

আল-মুঈন ইসলামী একাডেমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, “ক্লাস শেষে সবাইকে নামাজ ও খাবারের বিরতি দেওয়া হয়। নামাজ পড়ে সবাই খেতে যায়। কিন্তু সানিম যায়নি। সিসি ক্যামেরায় দেখা গেছে, সে গামছা নিয়ে টয়লেটের প্রবেশ করে। সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, “মাদ্রাসা ছাত্র আত্মহত্যার খবর পেয়ে আমরা এসেছি। লাশের গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”