Published : 03 Jul 2025, 01:08 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ ও ভিডিও ছাড়ানোর ঘটনায় পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চার জনকে তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক বিচারক মমিনুল হক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের ওসি সাদেকুর রহমান জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার ওই চারজনের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন।
আসামিরা হলেন- মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।
মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে বিবস্ত্র এক নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তীব্র সমালোচনা চলছে।
ঘটনার পর ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই ঘটনায় এখন পর্যন্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ফজরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই হিন্দু নারী।
মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।
রোববার কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।
ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ধর্ষণের শিকার নারীর আপত্তিকর ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি আমরা পর্যালোচনা করি। এরপর অভিযান চালিয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি।”
ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমান পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন
মুরাদনগরের ঘটনার বিচার হবে 'সর্বোচ্চ গুরুত্ব' দিয়ে: আইন উপদেষ্টা
মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা
ফজর দরজা ভেঙে 'ধর্ষণ' করে, পরে ভিডিও করে তার ভাই: ভুক্তভোগী নারী