১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুরাদনগরের ঘটনার বিচার হবে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে: আইন উপদেষ্টা

“যারা ছবিগুলো ছড়িয়ে দিয়েছে, অত্যন্ত দায়িত্বহীন কাজ করেছে। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন আসিফ নজরুল।

মুরাদনগরের ঘটনার বিচার হবে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে: আইন উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 07:43 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

মাগুরার ধর্ষণকাণ্ডের মতো কুমিল্লার মুরাদনগরের ঘটনার বিচারও ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে’ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসে তিনি এমন প্রতিশ্রুতি দেন। 

আইন উপদেষ্টা বলেন, “মুরাদনগরে যে জঘন্য ঘটনা ঘটেছে, তাতে আমরা সবাই মর্মাহত; ক্ষুব্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। 

“যারা ছবিগুলো ছড়িয়ে দিয়েছে, অত্যন্ত দায়িত্বহীন কাজ করেছে। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশ করে আইন উপদেষ্টা বলেন, “ধর্ষণসংক্রান্ত আইন সংস্কার করেছি। মাগুরার ঘটনায় দ্রুততম সময়ে বিচার দেখেছেন। এই ঘটনাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার হবে।” 

মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে বিবস্ত্র এক নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তীব্র সমালোচনা চলছে। 

ধর্ষণ মামলার আসামি ফজর আলী

ধর্ষণ মামলার আসামি ফজর আলী

ঘটনার পর ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই ঘটনায় এখন পর্যন্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ফজরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই হিন্দু নারী।

মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের অভিযোগে ফজর আলী মারধরের শিকার হন। পরে ফজর সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।”

ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

পুরনো খবর

মুরাদনগরে ধর্ষণের অভিযোগে হিন্দু নারীর মামলা