পাবনা-৪: বিএনপি নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিলেন
জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী) আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি নেতা জাকারিয়া পিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া রোববার বিকালে বলেন, পাবনা-৪ আসনে জাকারিয়া পিন্টু ও হাবিবুর রহমান হাবিব দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। বৃহস্পতিবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, রোববার দুপুরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে বিএনপির কিছু নেতা-কর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল ওমর সুমার খান, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।
এ বিষয়ে জানতে জাকারিয়া পিন্টুর মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
পাবনা-৪ আসনে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত আটটি জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস অনুযায়ী, ১৯৯১ সালে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সরদার জয়ী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন।
এরপর ১৯৯৬ সালের জুন থেকে ২০২৪ সাল পর্যন্ত এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
এর মধ্যে ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। তার মৃত্যুর পর ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস নির্বাচিত হন।
২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাবনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৩০ হাজার ১১১। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ভোটার দুই লাখ ৯১ হাজার ২৪০ এবং আটঘরিয়া উপজেলায় এক লাখ ৩৮ হাজার ৮৭১।
