২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আন্দোলনে গুলি: সেই মুছা ৫ দিনের রিমান্ডে

পুলিশ জানায়, সিরাজগঞ্জে তিনটি হত্যা মামলায় মুছা এজাহারভুক্ত আসামি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 07:30 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে ভাইরাল হওয়া আবু মুছার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সদর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে যুবদল কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তার মুছাকে সিরাজগঞ্জ আমলী আদালতের হাজির করা হয়। 

বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

৪২ বছর বয়সি আবু মুছা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এবং যুবলীগের সক্রিয় কর্মী। 

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গত ৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরে আন্দোলন চলাকালে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে হত্যা করা হয়। 

ওইসব ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়েছে। 

মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানায়। 

তাকে গ্রেপ্তারের পর রোববার রাতে সিরাজগঞ্জ থানায় আনা হয়।