২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিএনপির ‘বিদ্রোহী’ ৩ প্রার্থী বহিষ্কার

বহিষ্কৃত নেতাদের দাবি, বহিষ্কার তাদের নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।

টাঙ্গাইলে বিএনপির ‘বিদ্রোহী’ ৩ প্রার্থী বহিষ্কার
মোহাম্মদ আলী, লুৎফর রহমান খান আজাদ এবং ফরহাদ ইকবাল।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় টাঙ্গাইলে বিএনপির তিনজন স্বতন্ত্র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

বুধবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন টাঙ্গাইলে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। এতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে বহিষ্কৃত এই তিন প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন।

তবে বহিষ্কৃত নেতাদের দাবি, নির্বাচনে তারা অংশ নেবেন। বহিষ্কার তাদের নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারবে না।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি; যাদের মধ্যে টাঙ্গাইলে ওই তিনজন রয়েছেন।