২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবহনে ফিরল চাঁদা’, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

শ্রমিকরা বলছেন, আগে যেখানে অটোরিকশা প্রতি ২০ টাকা করে চাঁদা দিতে হত, এখন সেটা ১০০ টাকা করে দাবি করা হচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 07:55 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বন্ধ থাকলেও ময়মনসিংহে পুরনো কায়দায় চাঁদা তোলা হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। তারা বলছেন, আগে যেখানে অটোরিকশা প্রতি ২০ টাকা করে চাঁদা দিতে হত, এখন সেটা ১০০ টাকা করে দাবি করা হচ্ছে।  

এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে এ পথে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক ছাড়েন। 

এর পাশাপাশি ময়মনসিংহ শহরতলীর রহমতপুর বাইপাস মোড় অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন অটোরিকশার চালকরা। এই বাইপাস ধরে সাধারণত ময়মনসিংহ-মুক্তাগাছা পথে অটোরিকশা চলাচল করে। 

এ ছাড়া ময়মনসিংহ নগরীতে বিভিন্ন নামে চাঁদা তোলার অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকরা। 

তবে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে চাই। তবে সেক্ষেত্রে চালকদের সহযোগিতা প্রয়োজন। তারা আমাদের তথ্য দিলে চাঁদাবাজদের মূলোৎপাটন করা হবে।” 

‘২০ টাকার চাঁদা এখন ১০০ টাকা’

ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক ধরে চলাচল করে ত্রিশালের অটোরিকশাগুলো। চালকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় প্রতিটি অটোরিকশার জন্য তাদের ২০ টাকা করে চাঁদা দিতে হত। অন্তর্বর্তী সরকারের সময় সেটা বন্ধ ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অতিরিক্ত হারে চাঁদা দাবি করা হচ্ছে। 

অতিরিক্ত চাঁদার প্রতিবাদে সকালে ত্রিশাল উপজেলার বদরুল ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। অতিরিক্ত এই চাঁদা আদায় বন্ধের দাবিতে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অটোরিকশা চালক আমিনুর রহমান বলেন, “ত্রিশাল উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে অন্তত ২০টির বেশি স্থানে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় হচ্ছে। এটা আমাদের ঘামের টাকা। বাল-বাচ্চার রিজিক।” 

আরেক চালক খায়রুল কবির বলেন, “আওয়ামী সরকারের পতন হওয়ার পর সড়কে চাঁদাবাজি বন্ধ ছিল। এখন আবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চাঁদাবাজি শুরু হয়েছে। নেতাদের ধার্য অনুযায়ী চাঁদা দিতে না পারলে রোষানলে পড়তে হচ্ছে। এমন হলে গাড়ি চালানো বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।” 

চালকরা বলেন, ত্রিশাল উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকা, ত্রিশাল-বরমি সড়কের পোস্ট অফিসের সামনে, ত্রিশাল-কানারামপুর সড়কের ব্র্যাক অফিস মোড়, ত্রিশাল-বালিপাড়া সড়ক, গফরগাঁও সড়কের বালিপাড়া বালুর মোড়, ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের গোহাটা মোড়, বৈলর মোড়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস এলাকা, ত্রিশাল বাজার-সাখুয়া সড়কের বাসস্ট্যান্ড এলাকা, বগারবাজার মোড়, কালিরবাজার ও বাগান মোড়সহ বিভিন্ন স্থানে অটোরিকশা হতে ১০ থেকে ৫০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে।

অটোরিকশা চালক আবুল হাশেম বলেন, “সবখানেই চাঁদার সুর জোরালো হচ্ছে। আমরা আতঙ্কিত, প্রশাসনের কঠোরতা দরকার।”  

এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “আমরা সড়কে কোনো চাঁদা উঠাতে দেব না। যে উঠাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ সড়কে কোনো চাঁদাবাজি করা যাবে না।” 

নগরীতেও ‘চাঁদাবাজদের দৌরাত্ম’

এদিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড় স্ট্যান্ডে গেলে চাঁদা নিয়ে ক্ষোভ ঝরান শ্রমিকরা। এখান থেকে বিভিন্ন উপজেলায় এবং আশপাশের জেলায়ও অটোরিকশা চলাচল করে।

তাদের অভিযোগ, দেড় বছর সড়কে চাঁদাবাজি বন্ধ থাকলেও এখন আবার আওয়ামী লীগের সময়কার পুরনো কায়দায় চাঁদা উত্তোলন শুরু হয়েছে। বাড়ানো হয়েছে চাঁদার পরিমাণ। 

অটোরিকশা চালক মোজ্জামেল হোসেন বলেন, “বৃহস্পতিবার থেকে পাটগুদাম ব্রিজ মোড় থেকে চাঁদা উত্তোলন শুরু হয়েছে। একটি টোকেনের মাধ্যমে সিটি করপোরেশনের নামে তোলা হচ্ছে ২০ টাকা। ‘জিপি’ ফান্ডের নামে নেওয়া হচ্ছে ৫০ টাকা। সেই টাকার কোনো স্লিপ আমাদের দেওয়া হচ্ছে না। চাঁদা না দিলে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। তাহলে দেশের পরিবর্তন কী হল, এটাই জাতির কাছে প্রশ্ন?” 

আরেক অটোরিকশা চালক আব্দুল হালিম বলেন, “ময়মনসিংহ হতে নেত্রকোণার জারিয়া পর্যন্ত অটোরিকশা চালাই। খুব কষ্ট করে জীবন-যাপন করতে হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে চাঁদাবাজি। কাল (শনিবার) চাঁদা দিতে একটু দেরি হওয়ায় হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়। দেওয়া হয় হুমকি।” 

অটোরিকশার যাত্রী আব্দুল জব্বার বলেন, “চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে ময়মনসিংহে। যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে পরিবহনে চাঁদা উত্তোলন হবে না। সেখানে যদি বেপরোয়া চাঁদাবাজি হয়, সাধারণ চালকরা যাবে কোথায়? চালকরাও তো যাত্রীদের পকেট কাটবে। আমরা চাই, সরকারের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজি বন্ধ হোক।”

টোকেনের মাধ্যমে নগরীতে চাঁদা উত্তোলন করেন মনির হোসেন। তিনি বিএনপির একটি অঙ্গ সংগঠনের জেলার শীর্ষ নেতার নাম বলে দাবি করেন, সেই নেতা টেন্ডারের মাধ্যমে অটোরিকশা স্ট্যান্ড ইজারা নিয়েছেন।    

“তাই গত কয়েকদিন ধরে স্লিপের মাধ্যমে অটোরিকশা এবং মাহেন্দ্রা থেকে ২০ টাকা করে তোলা হচ্ছে। এ ছাড়া শ্রমিকদের কল্যাণের জন্য প্রত্যেক গাড়ি থেকে ৫০ টাকা করে ‘জিপি’ তোলা হচ্ছে”, বলেন মনির হোসেন।  

পাটগুদাম ব্রিজ মোড় থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ অটোরিকশা ও মাহেন্দ্রা ময়মনসিংহের বিভিন্ন স্থানে চলাচল করে।  

ইজারার ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ বলেন, “এক বছরের জন্য নগরীর পাটগুদাম অটোরিকশা স্ট্যান্ড টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। তারা আগামী জুন পর্যন্ত সিটি করপোরেশনের নির্ধারিত হারে টোকেনের মাধ্যমে অটোরিকশা থেকে টাকা নিতে পারবেন।”