যশোরে এবার প্রকাশ্যে ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা
তিনি ‘চরমপন্থি’ দলের নেতা ছিলেন বলে দাবি পুলিশের।
যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে মাথায় গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে; যিনি ‘চরমপন্থি’ দলের নেতা ছিলেন বলে দাবি পুলিশের।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান।
নিহত রানা প্রতাপ বৈরাগী (৪৩) উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তুষার কান্তি বৈরাগীর একমাত্র ছেলে। তার বিরুদ্ধে কেশবপুর থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
ওসি রজিউল্লাহ খান বলেন, সন্ধ্যায় রানা কপালিয়া বাজারে তার বরফ কলে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন তাকে ডেকে পাশে নিয়ে যায়। সেখানে রানার মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েকটি গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আকতার ফারুক মিন্টু বলেন, বাজারে অসংখ্য লোকের উপস্থিতিতে খুন হন রানা। আগে রানা চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি কপালিয়া বাজারে বরফকলের ব্যবসা করছিলেন।
তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের হাতে রানা হত্যাকাণ্ডের শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ঘটনাস্থলে পরিদর্শন করেন।
ওসি রজিউল্লাহ খান বলেন, রানার মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্তের আগে বলা সম্ভব নয়।
এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা তিনি ব্যক্তি।
আরও পড়ুন:
