০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

যশোরে জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত

“এটা নির্বাচন সামনে রেখে নতুন করে উত্ত্যক্ত করার চেষ্টা চলছে।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 04:22 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় এক যুবককে ছুরিকাঘাত করা করা হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার এনায়েতপুরে মারপিটের পর এনাম সিদ্দিকীর বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, “সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে এনাম সিদ্দিকী প্রতিবাদ করেছিলেন। এ সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে এনাম পুলিশকে জানিয়েছিল।”

আহত এনাম সিদ্দিকী এনায়েতপুরের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। ২০২৪ সালের ৪ অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় পুলিশের গুলি মাথায় বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক বলেন, “এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।”

এনামের চাচা নজরুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল এনাম। এ সময় মুখ ঢাকা শীতটুপি পরা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর তার বুকে তিনবার ছুরিকাঘাত করে।

“এনামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।”

এদিকে হামলার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অমিত বলেন, “এটা একটি পরিকল্পিত ঘটনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবার জন্য, নির্বাচনকে অনিশ্চিত ও বানচাল করার জন্য। আমি জানি না এনাম সিদ্দিকীর অপরাধটা কী? সে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এটাই কি তার অপরাধ? সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে অবস্থান ব্যক্ত করেছিল এটাই কি তার অপরাধ?

“সর্বশেষ সে আমার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমার পাশে দাঁড়িয়েছিল, এটাই কি তার অপরাধ? আর যদি এটাই হয়ে থাকে ইনশাল্লাহ আমরা সকলকে সাথে নিয়ে এর মোকাবেলা করবো।”

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়কারী ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যশোর-৩ আসনে সিপিবির প্রার্থী রাশেদ খান বলেন, “এনাম সিদ্দিকী জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা। আজ এনাম ছুরিকাহত হয়েছেন, কাল একজন বিএনপি নেতা খুন হয়েছেন।

“এটা নির্বাচন সামনে রেখে নতুন করে উত্ত্যক্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে এ বিষয়ে তৎপর হওয়ার জন্য ও অপরাধীদের গ্রেপ্তার করার জন্য আহ্বান জানাচ্ছি।”

যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় কোন মামলা হয়নি।