কিশোরগঞ্জে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর অভিযোগ
ওসি মাহবুবুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জের ধরে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান।
নিহত মো. বজলুর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তার ছেলে জুবায়ের (২৫) পলাতক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চান্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল বলেন, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বজলুর রহমানের সঙ্গে ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুবায়ের।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পলাতক ছেলেকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
