নবাবগঞ্জে সালমান এফ রহমানের বিরুদ্ধে নারীর মামলা
চিকিৎসা নিয়ে সুস্থ হতে ও আসামিদের নাম সংগ্রহ করতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে দাবি বাদীর।
চিকিৎসা নিয়ে সুস্থ হতে ও আসামিদের নাম সংগ্রহ করতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে দাবি বাদীর।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম নামে এক নারী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি করেন বলে ওসি মো. শাহ্ জালাল জানান। মামলা নম্বর-৩।
সালমান এফ রহমান, নবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদসহ ১৭৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে গত ৫ অগাস্ট সকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিলেন ফাতেমা বেগম।
এ সময় সালমান এফ রহমানের নির্দেশে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে শর্টগানের ছররা গুলি ছুড়ে এবং লাঠিসোঁটা দিয়ে আঘাত করেন।
এতে মামলার বাদীসহ কিছু শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন।
পরের দিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বাদীর শরীর থেকে ২৭টি গুলি বের করেন।
চিকিৎসা নিয়ে সুস্থ হতে ও আসামিদের নাম সংগ্রহ করতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেন।
