ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকার জন্যে দুদিন ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুদিন ধরে সংঘর্ষ চলে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুদিন ধরে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।”
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চায় নয়ন।
জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
