২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু নিয়ে প্রশ্ন পরিবারের

নিহতের বাবা দাবি করেন, ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে ওমর ফারুককে ২০-২৫ জন নির্যাতন করেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ব্যাটারি চুরির দায়ে নির্যাতন, পরে মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ভ্যানচালকের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার।  

শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ওই আসামির মৃত্যু হয়। তবে বিষয়টি মঙ্গলবার সাংবাদিকদের সামনে আসে। 

মৃত ওই ভ্যানচালকের নাম ওমর ফারুক। তার বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায়। তার বাবার নাম মোসলেম সরদার। 

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ওমর ফারুকের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকালে চাঁনপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের বাবা মোসলেম সরদার দাবি করেন, বুধবার বাগমারার ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে ওমর ফারুককে আটকে রাখেন সিএনজি সমিতির সদস্যরা। সমিতির ২০-২৫ জন সদস্য তাকে নির্যাতন করেন। 

তিনি দাবি করেন, এ সময় ওমর ফারুক চুরির কথা স্বীকার করাতে চার হাত-পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। নগ্ন করে ফেলে রাখা হয় রাস্তায়। পায়ুপথে ঢুকিয়ে দেওয়া হয় মরিচের গুঁড়া। 

এরপর মাদক থাকার অভিযোগে ওমর ফারুককে সাত দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা। 

এরপর পুলিশ তাকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সেখান থেকে পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। 

হাত-পায়ে পেরেক ঢুকানোর ক্ষত দেখেছেন কি-না জানতে চাইলে নিহতের বাবা মোসলেম সরদার বলেন, “পেরেক ঢুকানোর কোনো আঘাত দেখিনি। লোকজন বলাবলি করছিল। তবে পা ফুলে যাওয়া দেখেছি। ফুলে যাওয়ার কারণে পেরেক ঢুকানোর গর্ত ভরে যেতে পারে।”

ঘটনার সঠিক তদন্ত দাবি করেন ফারুকের বাবা।

এদিকে, হাসপাতালে তার মৃত্যুর কারণ হিসেবে আনকন্ট্রোলড ডায়াবেটিস, কার্ডিও রেসপিরেটরি ফেইলর এবং উইথড্র সিনন্ড্রোমের (নেশাজাতীয় দ্রব্য না পাওয়ার প্রভাব) কারণে তিনি মারা গেছেন বলে ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার শারমিন সোবহান কাবেরী বলেন, “তার হাত ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে তা বেশ কিছুদিনের পুরনো। এ ছাড়া বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পায়ুপথে কোনোকিছু প্রবেশেরও চিহ্ন পাওয়া যায়নি।” 

তিনি বলেন, “হাত-পায়ে পেরেক ঢুকালে গর্ত গভীর হওয়ার কথা; কিন্তু তেমন পাওয়া যায়নি। কয়েকদিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া যাবে। তখন তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শাহ আলম খান বলেন, “আমরা ফারুককে আহত অবস্থায় গ্রহণ করি। তার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে গ্রহণের সময় স্বাস্থ্যকেন্দ্রের সার্টিফেকেটে অসুস্থ ও মাদকাসক্তের বিষয়টি উল্লেখ ছিল। 

“শারীরিক অবস্থা খারাপ হলে পরের দিন ১৮ ডিসেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। ময়নাতদন্তের পর তার লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা বলেন, “ওমর ফারুকের কাছে গাঁজা পাওয়া গেছে। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়েছে।” 

তিনি বলেন, “ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাকে অসুস্থ মনে হয়েছে। যারা তাকে আটক করেছে তারা জানিয়েছিল, চুরির সময় ধরা পড়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এতে তার হাত-পা ছিলে যায়। বিষয়টি সে নিজে শিকার করেছে। এ ছাড়া সে মাদকাসক্ত বলেও স্বীকার করেছে। এ কারণে আমি তার চিকিৎসার জন্য রাজশাহী কারা কর্তপক্ষকে অনুরোধ করেছিলাম।”

বাগমারা থানার ওসি সাইদুল ইসলাম বলেন, “ভ্রাম্যমাণ আদালত হলে সেখানে নিয়মানুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা যান। আদেশ অনুযায়ী, পুলিশ তাকে কারাগারে পৌঁছে দেয়। ফারুক মাদকাসক্ত ছিল বলে শুনেছি।”