চুয়াডাঙ্গা-২: বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
এ আসনে এখন পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, “চুয়াডাঙ্গা-২ আসনে এখন পর্যন্ত একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।”
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে সালের ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
