২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমে মামলা, গ্রেপ্তার ৩

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার কিছুক্ষণ পরেই দলের সমাবেশস্থলে পুনরায় হামলা চালায় দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 11:41 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

নাটোর বিএনপির সমাবেশে হামলা ও বিএনপি নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আহত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভীন শনিবার সকালে সদর থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

মামলায় আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েলকে এক নম্বর আসামি করে ১৬জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

পরে বিকালেই শহরের হাফরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান। 

গ্রেপ্তাররা হলেন- এজাহার নামীয় আসামি সবুজ (৩৪), রাসু (৩২), রানা (৩৭)। 

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসার সময় শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা করে দুর্বৃত্তরা। 

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই হামলায় শহিদুল ইসলাম বাচ্চুর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ওইদিনই ঢাকায় রেফার্ড করা হয়। 

শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার কিছুক্ষণ পরেই সমাবেশস্থলে পুনরায় হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতা আহত হন। 

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, “স্থানীয় সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছেন। শহিদুল ইসলাম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ”

এদিকে, নাটোরে বিএনপির সমাবেশে হামলা এবং নেতাকর্মীদের পিটিয়ে-কুপিয়ে জখমের প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। পরে এক প্রতিবাদ সভায় অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

পুরানো সংবাদ

নাটোরে বিএনপির সমাবেশে হামলা, আহত ৬