নাটোরে বিএনপির সমাবেশে হামলা, আহত ৬
এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে দলটির সমাবেশে হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
তাদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা।
এই সমাবেশে যোগ দিতে বুধবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৯টার দিকে হামলার ঘটনার পর সমাবেশ পণ্ড হয়ে যায় বলে জেলার পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম জানান।
শহিদুল ইসলাম বাচ্চু ছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চপল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু রয়েছেন আহতদের মধ্যে।
তাদের নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমাদের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় জেলা আওয়ামী সন্ত্রাসীরা। সমাবেশ লক্ষ্য করে পাঁচ থেকে ছয়টি হাতবোমা এবং কয়েকটি গুলি ছোড়া হয়।
“শহিদুল ইসলাম বাচ্চুকে নৃশংসভাবে কোপানো হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকেও আহত করেছে সন্ত্রাসীরা।”
রহিম নেওয়াজ বলেন, “সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতাকর্মীকে শহরের বিভিন্নস্থানে বাঁধা দিয়ে দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। যারা হামলা করছে তারা চিহ্নিত।”
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, “সমাবেশে যোগ দিতে আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীরা জেলা বিএনপির আহ্বায়ক শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
“এ ছাড়া দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।”
তিনি বলেন, “বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসীরা, এমন ঘটনা খুবই দুঃখজনক। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।”
হামলার অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের মোবাইলে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ তিনজনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।”
“আহতদের রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা হামলা চালিয়েছে তা উদঘাটনে কাজ চলছে।”
