চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার কার্যক্রম চলছে।
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে চলতি বছরে এই প্রথম এক কন্যা শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব জানিয়েছেন।
হাম উপসর্গে মারা যাওয়া হুমাইরা খাতুন নামের শিশুটির বয়স নয় মাস। সে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে।
ডা. নাজমুস সাকিব বলেন, “চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে এই প্রথম চলতি বছরে এক শিশু মারা গেল। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা চলা অবস্থায় শিশুটি সুস্থ্ হয়ে গেলে বাড়ি পাঠানো হয়।
“এরপর আবার তার শারীরিক অবস্থা গুরতর হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।”
শিশুটির চাচা সাব্বির আহমেদ বলেন, “ভাতিজির হামের উপসর্গ দেখা দিলে আমরা তাকে সদর হাসপাতালে ভর্তি করাই। এরপর ১৫ দিন ধরে তার চিকিৎসা চলে।
“পরে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। বাড়িতে নিয়ে আসার পর তার শারীরিক অবস্থা আরও করুণ হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি বলেন, “হাসপাতালে থাকাকালীন সময়ে ডাক্তাররা শারীরিক অবস্থা ভালভাবে অনুধাবন না করে কেন আমার ভাতিজিকে ছুটি দিয়েছিলেন, সেটাই আমাদের প্রশ্ন।”
সদর হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে নেওয়া হয়। তবে পরদিন সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। ইতোমধ্যে হামের টিকাদান ক্যাম্পইনও শুরু হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে, চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৩০৫ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার কার্যক্রম চলছে। ২০ এপ্রিল শুরু হওয়া এ টিকাদান ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা টিকা পাচ্ছে।
জেলায় মোট ৯৮০টি আউটরিচ টিকাদান কেন্দ্র রয়েছে, এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৮টি। টিকাদান কার্যক্রমে সরকারি ও বেসরকারিভাবে মোট ৩৪১ জন কর্মী কাজ করছেন। এছাড়া এ ক্যাম্পেইনে ১ হাজার ৯৯৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
