১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ৩ মামলায় বিএনপি নেতা দুলুসহ ৬৯ জন খালাস

দুলু বলেন, “দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।”

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 12:06 AM

Updated : 26 Aug 2026, 10:27 AM

নাটোরে তিন মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ দলীয় নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন দুইটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন একটি মামলা থেকে তাদের খালাস দেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর।

আইনজীবী জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়। 

একই উপজেলায় ২০০৭ সালে ৮ এপ্রিল দুলুসহ ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা হয়। 

এ ছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২ জনকে আসামি করে অপর একটি মামলা হয়। 

মামলা তিনটিতে বাদীপক্ষ আসামীদেরকে শনাক্ত করতে না পারায় এবং রাষ্ট্রপক্ষের সাক্ষী প্রমাণ করতে না পারায় ৬৯ জনকে খালাস দেওয়া হয় বলে জানান আইনজীবী।

মামলা থেকে অব্যাহতির পর রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই সাড়ে ১৫ বছর আমরা কোনো বিচার পাইনি। আজকে সঠিক বিচার পাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া। ছাত্র-জনতার যে আন্দোলন, আন্দোলনের ফসল আজকের আমরা ন্যায়বিচার পাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করছি।”