০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে ফল বিক্রেতার মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 10:46 PM

Updated : 02 Oct 2026, 10:45 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন।

নিহত ৬০ বছর বয়সি মধু ওই ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের প্রয়াত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলা এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধুর সঙ্গে পাশের এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের ওই ব্যক্তি লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জোহা বলেন, লোহার শিকের আঘাতে মধুর বুকের ভেতরের একটি প্রধান রক্তনালি কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ওসি শেখ মেসবাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।