২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

“আমরা কলম ছেড়ে বার বার রাস্তার নামতে চাই না। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই।”

প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মামলা বতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুর মানববন্ধন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 10:49 PM

Updated : 01 Apr 2023, 11:01 PM

প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মামলা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সেইসঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং আইনটি বাতিলে দাবি জানোনো হয়েছে।

শুক্রবার বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ‘বন্ধুসভার’ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন বলেন, “আমরা এখানে দাঁড়িয়েছি সংক্ষুব্ধ হয়ে। সরকারকে অনুরোধ করছি এ সংক্ষুব্ধতা অনুধাবন করে আমাদের দাবি মেনে নিন।”

সরকারের দিকে ইঙ্গিত করে নাট্য গবেষক বিপ্লব বালা বলেন, “তুমি কোন দলের পক্ষে না বিপক্ষে- এভাবে আজকাল মানুষকে বিচার করা হয়। পক্ষ-বিপক্ষের বাইরে সাধারণ মানুষ থাকে, এরাই নির্বাচনে জয়ের ভূমিকা রাখে।

“বৃটিশ আমলে রাষ্ট্রের প্রেস রিলিজ কেউ বিশ্বাস করতো না, এখনও করে না।”

‘প্রথম আলোর সেদিনের ছবি ও বক্তব্য আলাদা হয়ে যাওয়া রাষ্ট্রদ্রোহীতা নয়’ মন্তব্য করে তিনি আরও বলেন, “সরকার মনে হয় ভয় পেয়েছে। যারা ভয় পায় তারা ভয় দেখায়, তাই তারা ভয় দেখাচ্ছে।”

ফরিদপুর মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায় বলেন, “শামসের বড় ভাই জঙ্গি হামলায় নিহত হয়েছেন। তার মায়ের আকুতি আমি দেখেছি।

“তিনি বলেছেন, ‘আমার ছেলের অপরাধ কী, আমার ছেলে তো চোর বা ডাকাত নয় যে, তাকে রাতের আঁধারে এভাবে তুলে নিয়ে যেতে হবে’।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি দেশে খুনের আসামি, ডাকাতির আসামি গ্রেপ্তার হয় না, সেখানে সাংবাদিক শামসকে মামলা হওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছে।”

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানউজ্জামান বলেন, “বিবর্তনমূলক এ আইনটির জন্য কর্মস্থল থেকে আমাদের বার বার রাস্তায় দাঁড়াতে হয়। সরকার আজকাল যেভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে তারা এ আইনের জনসমর্থন চায়।

“আমরা কলম ছেড়ে বার বার রাস্তার নামতে চাই না। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই। সেইসঙ্গে এ আইনে গ্রেপ্তার হওয়া সকল সাংবাদিতকদের মুক্তি চাই।”

বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মঞ্জুয়ারা স্বপ্না, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক কাজী সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়ের’ সাধারণ সম্পাদক শরিফ খান, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, প্রথম আলো বন্ধুসভার ফরিদপুরের সাধারণ সম্পাদক জহির হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি আবরাব নাদিম ইতু।

উপস্থিত ছিলেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।