২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবককে হত্যার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।

কুমিল্লায় যুবককে হত্যার ১৭ বছর পর তিন আসামির যাবজ্জীবন

জায়গা-সম্পত্তির বিরোধে ওই যুবককে হত্যা করা হয় বলে আসামিরা স্বীকার করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 07:20 PM

Updated : 27 Nov 2022, 07:20 PM

কুমিল্লার হোমনায় জমির বিরোধে যুবককে হত্যার ১৭ বছর পর তিন আসাসির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার জানান।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), প্রয়াত ফজলু মিয়ার ছেলে কাজল মিয়া (৪৭) এবং মো. কাশেমের ছেলে মো. হানিফ (৪৩)।

রায় ঘোষণার সময় জাকির ও কাজল আদালতে হাজির ছিলেন। তবে হানিফ জামিনে ছাড়া পেয়ে পলাতক আছেন। 

মামলার নথির বরাতে আইনজীবী মুজিবুর রহমান জানান, ২০০৫ সালের ১২ মে’র দুপুরে উপজেলার জগন্নাথকান্দি গ্রামের মনির হোসেন (২১) সেলুনে চুল কাটাতে যান। সন্ধ্যা নাগাদ বাড়ি না ফিরলে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্বজনরা। এক পর্যায়ে নদীতে তার মরদেহ পান স্থানীয়রা।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন মনির হেসেনের বাবা আবদুল হামিদ। পরে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

জায়গা-সম্পত্তির বিরোধে মনিরকে হত্যা করা হয় বলে আসামিরা স্বীকার করেন।

২০০৬ সালের ৭ অক্টোবর থানা পুলিশ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দিলেও হেলাল উদ্দিন নামের এক আসামি মারা যান। 

মামলার দীর্ঘ ১৭ বছর পর আদালত আজ এ রায় দেন।

রায়ে সন্তুষ্ট জানিয়ে দ্রুত সাজা কার্যকর করার দাবি আইনজীবী মুজিবুর রহমান বাহারের।