২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় শিক্ষা কর্মকর্তার উপর হামলার অভিযোগ

উপজেলা রিসোর্স সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটরসহ আটজনকে আসামি করে হাতিয়া থানায় এ মামলা করা হয়েছে।

হাতিয়ায় শিক্ষা কর্মকর্তার উপর হামলার অভিযোগ

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 01:01 PM

Updated : 18 Oct 2022, 01:03 PM

নোয়াখালীর হাতিয়ায় গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণে শিক্ষকদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে তার অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে।

সোমবার রাতে উপজেলার সদর ওছখালীতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান (৩৯) হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় উপজেলা রিসোর্স সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটর ছাকায়াত হোসেন এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করা হয়েছে।

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, “শিক্ষা কর্মকর্তা কামরুল রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৮ থেকে ৯ জন মুখোশধারী ব্যক্তি তার পথ আটকায়। এরপর তারা কামরুল হাসানকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়। “

পরে স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন এই কর্মকর্তা।

কামরুল হাসান বলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটর ছাকায়াত হোসেন গত রোববার গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের কাছে ‘৫০০ টাকা করে চাঁদা’ দাবি করেন। তাতে রাজি না হওয়ায় এক শিক্ষককে ‘মারধর করেন’ ছাকায়েত।

“এ ঘটনার ছাকায়েতের বিচার চেয়ে সোমবার শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসে স্মারকলিপি দেন। চাঁদা দাবি ও মারধরের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করায় ছাকায়াত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা করেছে।“

ওসি আমির হোসেন জানান, হাতিয়ার দক্ষিণ রাজের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিউজ উদ্দিন আহমেদসহ কয়েকজন শিক্ষক গত ১৪ অক্টোবর থেকে ওছখালী আলিয়া মডেল স্কুলে গণিত অলিম্পিয়াডের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সে সময় সবার কাছে ‘চাঁদা চান’ ডেটা এন্ট্রি অপারেটর ছাকায়াত। মফিউজ উদ্দিনসহ আরও কয়েকজন এর প্রতিবাদ করেন।

এরপর গত রোববার ওই প্রশিক্ষণ কক্ষের কাছেই আরেকটি কক্ষে মফিউজ উদ্দিনকে আটকে রেখে মারধর করেন ছাকায়াত। পরে অন্যান্য শিক্ষকরা গিয়ে তাকে উদ্ধার করেন।

ওই ঘটনার পর সহকারী শিক্ষক মফিউজ উদ্দিন হাতিয়া থানায় ছাকায়াতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন।

ওসি বলেন, “ছাকায়েত পলাতক আছেন, তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।”