বন্যহাতির তাড়া খেয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
স্বজনরা জানান, মাত্র আড়াই মাস আগে ওই যুবক বিয়ে করেন। হতদরিদ্র পরিবারটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তাড়া খেয়ে বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান।
নিহত উসমান আলী (২৩) ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মধ্যরাতে একদল বন্যহাতি নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেতের দিকে নেমে আসে। এ সময় কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে বন্যহাতির দলটিকে তাড়া করে।
এক পর্যায়ে হাতির দলটি পাল্টা তাড়া দিলে কৃষকরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পা পিছলে ক্ষেতের আইলে পড়ে গিয়ে সেখানে পেতে রাখা হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে জড়ান উসমান আলী।
পরে গুরুতর অবস্থায় অন্যরা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারের লোকজন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
