নরসিংদীতে ‘চাঁদা না দেওয়ায়’ মার্কেট মালিক ও ছেলেকে মারধরের অভিযোগ
অভিযোগ অনুযায়ী, মার্কেটের পাঁচটি দোকান থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক মার্কেটের মালিক ও তার ছেলেকে মারধরের অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন থানার ওসি এ আর এম আল মামুন।
এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে সাহেবপ্রতাপ এলাকার ‘হাজী সুরুজ মিয়া’ মার্কেটে এ মারধারের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই মার্কেটের মালিক সুরুজ মিয়া (৬৫) ও তার ছেলে ইমন আহমেদ (২৬)।
ওসি বলেন, বুধবার রাতে ইমন স্থানীয় কালাম কসাই, জনি মিয়া, রবিন মিয়া, সফিকুল ইসলামসহ অজ্ঞাত পরিচয় সাত থেকে আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, কালাম কসাই দলবল নিয়ে মার্কেটে গিয়ে চাঁদা দাবি করেন। তারা অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতে থাকেন।
এ ঘটনায় সুরুজ মিয়া বাধা দিলে তাকে গালিগালাজ করা হয়। এক পর্যায়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে ইমনকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।
ইমনের অভিযোগ, “কালাম কসাই, জনি মিয়া, রবিন মিয়া ও সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। তারা মার্কেটের পাঁচটি দোকান থেকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসায়ীদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।”
তিনি বলেন, হামলার ঘটনার পর থেকে তারা পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি আল মামুন জানিয়েছেন।
