বেনাপোল দিয়ে ৮ দিনে ভারতে গেল ১০২ টন ইলিশ
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয় সরকার।
দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আট দিনে ভারতে ১০২ টনের ইলিশ রপ্তানি করা হয়েছে।
সোমবার সকালে একটি চালানে ভারতে এক দশমিক ৫২ টন ইলিশ গেছে, তবে আরও রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।
১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে ১০২ দশমিক ২১৪ টন ইলিশ প্রতিবেশী দেশটিতে রপ্তানি হয়েছে বলে জানান তিনি।
সজীব সাহা বলেন, গত ১৬ সেপ্টেম্বর প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়। ওই দিন রাত ১টায় বেনাপোল বন্দর দিয়ে আটটি ট্রাকে করে এসব ইলিশ পাঠানো হয়।
বন্দর থেকে জানা গেছে, ভারতে পাঠানো ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।
আর ভারতের পক্ষে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল।
এবার দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয় সরকার। আর রপ্তানির অনুমোদন পাওয়া ৩৭টি প্রতিষ্ঠান।
এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, নয়টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।
আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক পাঁচ ডলার।
পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।
