গোপালগঞ্জে ‘ইভটিজিং নিয়ে’ সংঘর্ষ, আহত ২০
দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে আগে থেকেই বিরোধ আছে, বলছে পুলিশ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘ইভটিজিং নিয়ে’ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জনের আহত হওয়ার কথা বলেছে পুলিশ।
আহত ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ সংঘর্ষ বাঁধে। আহতদের মধ্যে তরিকুল ইসলামকে (৩০) ঢাকায় পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, একটি মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে নিলফা গ্রামের মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের জামাল সিকদারের বিতণ্ডা হয়। এর জের ধরে আজ সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
এই দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে আগে থেকেই বিরোধ থাকার কথা তুলে ধরে ওসি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে; ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
