২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আন্দোলনে নিহত: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

৪ অগাস্ট ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে গুলি চালালে শিক্ষার্থীসহ নয়জন নিহত হন, বলেন বাদী পক্ষের আইনজীবী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় করা আলাদা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা লোকমানের আদালত এ আদেশ দেয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া। 

মামলার নথির বরাতে আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, চলতি বছরের ৪ অগাস্ট ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের মহিপাল এলাকায় ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি পালন করে। দুপুরে তাদের এ কর্মসূচিতে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে শিক্ষার্থীসহ নয়জন নিহত ও শতাধিক আহত হন। 

হতাহতের ঘটনায় আটটি হত্যাসহ ফেনী মডেল থানায় ১৮টি মামলা হয়। এসব মামলায় অন্তত তিন হাজার আসামি হয়েছে। পুলিশ গত সাড়ে চার মাসে আড়াই'শ জনকে গ্রেপ্তার করেছে। যাদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ হত্যায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সবুজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহারকে তিন দিন এবং জসিম উদ্দিন, আবুল খায়ের ও ইমরান হাসান ফাহিমকে দুই দিন করে রিমান্ড দিয়েছে আদালত।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন ও মো. ফারুক আলাদা দুইটি মামলায় আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

শুনানি শেষে বিচারক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেন।