২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আইনজীবী সমিতির সভাপতির কক্ষে হামলা, আহত ৫

সভাপতির অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতির নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 12:08 AM

Updated : 26 Aug 2026, 10:35 AM

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাঁচ আইনজীবী আহত হয়েছেন।  

বুধবার বিকাল সোয়া চারটার দিকে সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে বলে তিনি দাবি করেছেন।

হামলায় আহত আইনজীবীরা হলেন, হাসান আল মামুন, মোহাম্মদ আলী টুটুল, আল আমিন, আনিস ও নাসরিন আক্তার। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কাজী নাজমুল ইসলামের অভিযোগ, বিকালে হঠাৎ জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় তার কক্ষে হামলা হয়েছে। 

তখন অন্য আইনজীবীরাও ওই কক্ষে বসা ছিলেন। সভাপতিকে বাঁচাতে ঘিরে ধরলে তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। 

সভাপতি নাজমুল ইসলাম নিরাপদে কক্ষ থেকে বের হতে পারলেও হামলায় আহত হন পাঁচ আইনজীবী।

অভিযোগের বিষয়ে জানতে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

তবে নাহিদ তার ফেইসবুক একাউন্টে  ৯ মিনিট ৩৮ সেকেন্টের একটি ভিডিও বার্তা দিয়েছেন। 

সেখানে তিনি বলেন,  “আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ হয়েছে। তারেক রহমান ও স্থানীয় নেতাদের নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে, নাশকতা প্রতিরোধে ছিলাম।” 

তিনি আরও বলেন, “গতকাল মাধবদীতে একটি মামলা হয়েছে। কিন্তু বাদীকে আইনজীবীসহ আওয়ামী লীগের লোকজন জোর করে  তুলে এনে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করা হচ্ছিল। আমরা গিয়ে বাদীসহ মামলা প্রত্যাহারের হলফনামা উদ্ধার করি।”

এ বিষয়ে কথা বলতে নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হকের ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।