২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণখেলাপিদের বগলের নিচে রেখে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না: শফিকুর

“মুখে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বললেও, দুর্নীতি দূর করতে হলে আগে নিজের ঘর থেকেই শুরু করতে হয়।”

ঋণখেলাপিদের বগলের নিচে রেখে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না: শফিকুর
গাজীপুরের রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 10:04 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ঋণখেলাপিদের বগলের নিচে রেখে কখনো দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, “৫ অগাস্টের পরই দেখা যাচ্ছে, কিছু ভাই অতীতের মতো আবারও মজলুমদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তারা ক্ষমতায় এলে কী করবে, তা এখনই জনগণের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। 

“মুখে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বললেও, দুর্নীতি দূর করতে হলে আগে নিজের ঘর থেকেই শুরু করতে হয়। ঋণখেলাপিদের বগলের নিচে রেখে কেউ কখনো দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারে না।”

মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা এসব কথা বলেন তিনি। এ সময় গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে মনগড়া উন্নয়ন নয়, এমন উন্নয়ন হবে যার সুবিধাভোগী হবে আপামর জনগণ। আমরা কোনো জাত-পাত, ধর্ম-বর্ণের ভিত্তিতে বৈষম্য করব না। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

নারীর সম্মান প্রশ্নে তিনি বলেন, মায়েদের মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তারা নিজ নিজ ক্ষেত্রে পূর্ণ সম্মান ভোগ করবে। শ্রমিক ও নারীদের ক্ষেত্রে বিদ্যমান বেতন বৈষম্য দূর করা হবে।

একই কাজের জন্য নারী-পুরুষের ভিন্ন বেতন আর থাকবে না বলেও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির শফিকুর রহমান।

তিনি বলেন, “গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও এখানে শ্রমিকদের শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার ঘাটতি রয়েছে। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে শিল্পাঞ্চলকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”

নারীর অধিকার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “সন্তান গর্ভে আসার পর থেকে জন্ম ও লালন-পালনের জন্য দুই থেকে আড়াই বছর নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা নির্ধারণ করা হবে। 

“বাকি তিন ঘণ্টা সন্তান লালনের জন্য বরাদ্দ থাকবে এবং সেই সময়ের বেতন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রদান করা হবে। প্রথমে সরকারি ও পরে বেসরকারি খাতে এ ব্যবস্থা কার্যকর করা হবে।”

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, “সমালোচনার জবাব দেওয়ার সময় আমাদের নেই। আমরা ক্ষমতায় গেলে কারোর প্রতি বেইনসাফি করব না- এটাই আমাদের অঙ্গীকার।”

স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “গাজীপুর ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ, গ্যাস সরবরাহ ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক সমস্যা রয়েছে। 

“অথচ জাতীয় জিডিপিতে গাজীপুরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক, শ্রমিক ও শিল্পোদ্যোক্তাসহ প্রত্যেকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “দেশ সেবার সুযোগ পেলে গাজীপুরের প্রতি কোনও বেইনসাফি করা হবে না।”

শফিকুর রহমান বলেন, “আমি জামায়াতে ইসলামীর একক নিরাপত্তা বা বিজয় চাই না; আমি চাই সারা দেশের নিরাপত্তা, শান্তি ও জনগণের শাসন। আমরা জনগণের ঐক্য চাই। কেউ যদি অন্যায়ভাবে কারও ওপর হাত তোলে, তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে হবে।”

সমাবেশের শুরুতে গাজীপুর-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী শাহ আলম বকশি (দাঁড়িপাল্লা), গাজীপুর-২ আসনে আলী নাসের খান (শাপলা কলি), গাজীপুর-৩ আসনে এহসানুল হক (রিকশা), গাজীপুর-৪ আসনে সালাহউদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা), গাজীপুর-৫ আসনে খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) এবং নরসিংদী-২ আসনে এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে (শাপলা কলি) জনতার সামনে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ স ম ফারুকের পরিচালনায় সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ যায়নুল আবেদীন, গাজীপুর জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শূরা সদস্য খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাউদ্দিন আইউবী, শামসুল হক ভূঁইয়া এবং অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন।