রংপুরে এইডিস মশার লার্ভা শনাক্ত
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রথম দিনে তাদের সতর্ক করা হয়েছে; পরবর্তী অভিযানে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডেঙ্গুর সংক্রমণ ও বিস্তার রোধে অভিযানে নেমেই এইডিস মশার লার্ভা শনাক্ত করেছে রংপুর সিটি করপোরেশন-রসিক।
সোমবার দুপুরে অভিযানের প্রথম দিনেই মহানগরীর নির্মাণাধীন দুটি ভবন ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ লার্ভা শনাক্ত করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন রসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
অভিযানে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ সহযোগিতা করেন।
এ সময় নগরীর কেরানিপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় জমে থাকা পানিতে এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মটরস পার্টস ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতরে রাখা টায়ার ও গাড়ি ধোঁয়ার জন্য তৈরি করা গর্তের পানিতে এইডিস মশার লার্ভা শনাক্ত হয়। এ সময় তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, রংপুরে দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে, যা উদ্বেগজনক। আমরা ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। এরই অংশ হিসেবে অভিযানে নগরীর নির্মাণাধীন দুটি বাসার ভবন ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে এইডিস মশার লার্ভা শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়।
পরবর্তী অভিযানে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
মাহমুদ হাসান মৃধা আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
এদিকে, গত মঙ্গলবার (৪ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১২ জন রোগী ভর্তি আছেন। সেখানকার নতুন ভবনের দ্বিতীয় তলার মেডিসিন ওয়ার্ডের ৩ নম্বর এবং ৬ নম্বর ইউনিটে রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। হাসপাতালে আলাদা কোনো ওয়ার্ড এখনো নির্ধারণ করা হয়নি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, “যারা ভর্তি হয়েছেন, তাদের যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কিছু দিন আগে একজন মারা গেছেন। আমরা চেষ্টা করছি, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার। পর্যাপ্ত জায়গা না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ডেঙ্গু রোগীর ইউনিট এবং বেডের সংকট রয়েছে বলে তার দাবি।
