২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনকে আসামি করা হয়েছে।

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে।

ওই গ্রামের প্রবাসী নুরুল আফসার সুমনের শ্বশুর ফখরুল ইসলাম শুক্রবার মধ্যরাতে মামলাটি করেন বলে সুধারাম থানায় ওসি কামরুল ইসলাম জানান।

মামলার এজাহারে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনকে আসামি করা হয়েছে। 

রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- খোরশেদ আলম জাহাঙ্গীর (৩৮), সিরাজুল ইসলাম (৪০) ও মো. জহির (৪০)।

শুক্রবার বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সৌদি প্রবাসী নুরুল আফসার সুমনের বাড়ি হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সুমনের বসতঘরের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে তার স্ত্রী, শাশুড়িসহ পরিবারের অন্য নারী সদস্যদের পিটিয়ে আহত করে। পরে পুরো ঘরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, সোনার গহনাসহ মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা ঘরের খাট, সোফা, লেপ-তোষক, হাড়ি-পাতিলসহ তৈজসপত্র ঘর থেকে বের করে পাশের পুকুর ও সড়কে ফেলে দিয়ে যায়।

ওসি কামরুল ইসলাম বলেন, “হামলা-ভাঙচুরের খবর পাওয়ার পরপরই পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। একই সময় সেনাবাহিনীর টহল টিমও সেখানে যায়। পরে রাতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

আরো পড়ুন:

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট, আটক ১