থানা থেকে লুট হওয়া অস্ত্রে ‘দুষ্টুমি’, গুলিবিদ্ধ হয়ে তরুণের মৃত্যু
৫ অগাস্ট সদরপুরে থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু ‘দুষ্টুমি’ করতে গিয়ে পলাশ গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ।
ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু ‘দুষ্টুমি’ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
ঘটনার ছয় দিন পর সোমবার ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহত পলাশ হোসেন (১৮) উপজেলার আটরশি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। মোশারফ হোসেন একটি খাবার হোটেল আছে। সেখানে বাবার সঙ্গে কাজ করতেন পলাশ।
এ ঘটনায় পলাশের মা পারুলী আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন।
পলাশের পারিবার জানায়, শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট সকালে পলাশ তার বাবার হোটেলে কাজ করছিলেন। এ সময় তার দুই বন্ধু সদরপুর সরকারি কালেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান।
পরে তারা পাশের আড়াই রশি গ্রামে পলাশের নানা মোসলেম মাতুব্বরের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে তারা তিনজন ৫ অগাস্ট সদরপুর থানা থেকে লুট করা একটি শর্টগান নিয়ে দুষ্টুমি (খেলার ছলে) করছিলেন।
অস্ত্রটি একে অপরের মাথায় তাক করার সময় হঠাৎ শর্টগান থেকে গুলি বের হয়ে পলাশের মাথায় লাগে। গুলির শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় পলাশকে বিছানায় পড়ে থাকতে দেখেন।
প্রথমে পলাশকে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে পলাশ মারা যান।
স্থানীয়রা জানান, পলাশকে গুলি করা অস্ত্রটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি। ৫ অগাস্ট সরকার পতনের দিন বিকালে থানা থেকে শর্টগানটি লুট করা হয়েছিল।
পরে স্থানীয়রা অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে সদরপুরের আনসার বাহিনীর হাতে তুলে দেয়। পরে সেটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার পর থেকে পলাশের ওই দুই বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে পলাশের মা পারুলি আক্তার দাবি, “থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে।”
ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঢাকা থেকে পলাশের মৃতদেহ থানায় আনা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
অস্ত্রটি দিয়ে বন্ধুরা টিকটক করতে গিয়ে গুলি বের হয়ে পলাশ মারা গেছেন নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
