Published : 15 Jul 2026, 03:19 PM
ময়মনসিংহে এক দলিল লেখককে কুপিয়ে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ১০ আসামিকে।
ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন স্পেশাল জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলী মো. আকরাম হোসেন।
১৩ বছর আগে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে হত্যায় আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। তাদের মধ্যে মাসুদ মিয়া পলাতক আছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুল মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল, মো. সিদ্দিক (পলাতক)।
মামলার বরাতে পিপি মো. আকরাম হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ অগাস্ট ভালুকা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ ১৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১২ জনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বুধবার আদালত এ রায় প্রদান করেন।
রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবনের পাশাপাশি আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে বলেও জানান এ আইনজীবী।
এদিকে এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী এবং নিহতের স্বজনরা। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।