শরীয়তপুরে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
এক পর্যায়ে পুকুরে দুই ভাইকে ভাসতে দেখে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ছয়গাঁ ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার জানান।
নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে একজনের নাম রিদম (৭) ও অপরজনের নাম রিফাত (৮)।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, নৈয়াব ফকিরের বাড়ি পাশে মামাতো-ফুফাতো ভাই বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, খেলার এক পর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে পুকুরে নামে তারা। এ সময় ডুবে যায়।
দুভাইকে দেখতে না পেয়ে বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে দুই ভাইকে ভাসতে দেখে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আবুল বাসার বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
“ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
