টাঙ্গাইলে ‘ উত্ত্যক্তের’ শিকার হলেন নারী সমন্বয়ক, থানায় অভিযোগ
প্রতিবাদ করলে যুবকরা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ‘ উত্ত্যক্তের’ শিকার হয়েছেন। এ ঘটনায় চার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া ফুডজোনের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।
ফাতেমা রহমান বীথি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলার সভাপতি। ঘটনার সময় তার দুই বোন সঙ্গে ছিলেন।
ফাতেমা রহমান বীথি জানান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে ওই ‘ইভটিজাররা’ তাদের অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর যুবকরা ‘ইভটিজিং’ করে বিভিন্ন মন্তব্য করে। পরে প্রতিবাদ করলে যুবকরা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
ইভটিজারদের শাস্তি দাবি করেছেন বীথি।
এঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে ফাতেমা রহমান বীথি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি অমিয় ও মুন্না নামে দুজনের নাম উল্লেখ করেছেন। অন্য দুইজনের নাম বা পরিচয় জানা যায়নি।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
