২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইনী ভ্যালিতে বন্যায় কৃষির অপূরণীয় ক্ষতি, দিশেহারা কৃষক

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাইনী ভ্যালির মেরুং ইউনিয়নটি পাঁচ দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে।

বিডিনিউজ২৪

সমির মল্লিক. খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 01:02 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

বন্যায় খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ভ্যালিতে কৃষিজমির অপূরণীয় ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

ভুক্তভোগীরা জানান, সোমবার থেকে ধানের চারা ডুবতে শুরু করে। শনিবার পর্যন্ত ক্ষেতগুলো ছিল পানির নিচে। দুবার ফসল নষ্ট হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। 

ছয় কানি (৪০ শতকে এক কানি) জমি বর্গা নিয়ে চাষ করেছেন দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারী পাড়ার কৃষক সুমতি রঞ্জন চাকমা।

প্রতি কানি জমির জন্য বর্গা বাবদ মালিককে তার দিতে হয়েছে চার হাজার টাকা। অগাস্ট মাসেই দুই দফায় বন্যায় ডুবেছে বর্গা নেওয়া সেই জমি। 

সুমতি রঞ্জন চাকমা জানান, সবশেষ চারা রোপণ করার কয়েকদিন পর থেকে বন্যার শুরু। 

তার ভাষ্য, এখন বন্যার পানি কমলেও নতুন করে চারা রোপণ করার মত সময় নেই। তাছাড়া সার, বীজ ও শ্রমিকের মজুরি বাবদ যে অর্থ খরচ হবে সেটাও হাতে নেই। কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় অবস্থা আরও সঙ্গিন। 

দীঘিনালা উপজেলা দিয়ে প্রবাহিত মাইনী নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদটি ‘মাইনী ভ্যালি’ হিসেবে পরিচিত। 

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাইনী ভ্যালির মেরুং ইউনিয়নটি পাঁচ দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে। 

মেরুং বাজার এলাকা, ভুয়াছড়ি, চংড়াছড়ি, রশিকনগর, বেতছড়ি, মধ্য বোয়ালখালি, বোয়ালখালি, তারাবুনিয়া, পাবলাখালি, শান্তিপুরা, মিলনপুরসহ ৫০টির বেশি গ্রাম অগাস্টে বন্যায় প্লাবিত হয়েছে। 

তবে কিছু গ্রামে ঘর-বাড়ি থেকে পানি নেমে গেলেও ফসলি জমি এখনও তলিয়ে আছে। মাইনী নদীর তীরবর্তী এসব এলাকায় আমনের চাষাবাদ করেছেন কৃষকরা। 

তারা জানান, বন্যার পানি এক থেকে দুদিন স্থায়ী হলে ধানের চারার তেমন ক্ষতি হত না। কিন্তু টানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হওয়ায় অধিকাংশ ফসলি জমি নষ্ট হয়ে গেছে।

মোবারক হোসেন নামে মেরুংয়ের এক কৃষক বলেন, “দুই কানি জমিতে চাষ করছি। এই মাসে দুইবার ধান রোপণ করলাম। অগাস্টের শুরুতে একবার সব নষ্ট হয়ে গেছে। এবার এখনো সব চারা পানির নিচে। এখন আর কিচ্ছু করা নেই।”

মেরুং বাজার থেকে পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। 

বাজারে লাউ আর করলা বিক্রি করতে আসা কৃষক আমিনুল ভূইয়া বলেন, “বন্যায় আমার ৪০ থেকে ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ধানে গেছে ১৫ হাজার টাকা, বাড়ির পাশের ক্ষেতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছি, সেখানে ২০ থেকে ২৫ হাজার টাকার সবজি বিক্রি করতে পারতাম, সব বন্যায় গেছে।”

সবচেয়ে নিচু এলাকা হওয়ায় মেরুংয়ের বন্যা স্থায়ী রূপ নিয়েছে। 

দীঘিনালার বাবুছড়া, কবাখালি ও বোয়ালখালি ইউনিয়ন থেকে পানি নেমে গেলেও মেরুংয়ের ২০ গ্রাম এখনো পানিবন্দি।

মেরুং ইউনিয়নের ৭ নম্বর ওর্যাডের সদস্য সমীরণ চাকমা বলেন, “বাঁচা মরং এলাকা থেকে হেডম্যান পাড়া পর্যন্ত পুরোটায় ধানি জমি। আমার গ্রামে ১৪০ পরিবার আছে, সবাই কৃষক। হাজাধনমুনি পাড়ায় ধান্য জমি বাকি অর্ধেক সবজি, অনিন্দ্য কারবারি পাড়া, নেত্রজয় কারবারি পাড়াজুড়ে ধান্য জমি। কিন্তু বন্যায় সব শেষ। অনিন্দ্য কারবারি পাড়ায় কয়েকটি পানের বরজ নষ্ট হয়ে গেছে। কৃষকদের জন্য কোনো সহযোগিতা এখনো আসেনি। সরকারি প্রণোদনা না পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবে না।”

দীঘিনালা উপজেলা কৃষি কমর্কর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, “বন্যায় আমনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ৭৬৫ হেক্টর জমির আমন ধানের ক্ষেত নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজার ৩২৩ কৃষক।”

তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করেছি। রোববার আমরা পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে অতিরিক্ত পরিচালকের সঙ্গে কথা বলে পরিকল্পনা নির্ধারণ করব। 

“আমানের চারা রোপণের এখন আর সময় নেই। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম রবিশস্য চাষাবাদ করার জন্য প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”